দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি বিদেশি পিস্তল ও ছয়টি ককটেলসদৃশ বস্তুসহ আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মো. দুলাল মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ২টার দিকে উপজেলার দাউদখালী ইউনিয়নের খায়ের ঘটিচোরা গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। এ সময় মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলামসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খায়ের ঘটিচোরা গ্রামে অভিযান চালিয়ে দুলাল মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে হাঁসের ঘরের ওপর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি বাজারের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতর থেকে ম্যাগাজিনবিহীন একটি পিস্তল ও ছয়টি ককটেলসদৃশ বস্তু পাওয়া যায়।
গ্রেপ্তার দুলাল মিয়া খায়ের ঘটিচোরা গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত আব্দুল খালেক সরদারের ছেলে। পুলিশ জানায়, ঝালকাঠি জেলার একটি স্বর্ণের দোকানে ডাকাতির মামলাসহ তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
মঠবাড়িয়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, দুলাল মিয়া আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তাঁর কাছ থেকে একটি অস্ত্র ও ছয়টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
এমএস/